গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি বলেছেন, "এই সাতপাড়ে আমি মডেল মন্দির করব, আপনারা জায়গা ঠিক করে দেন, যেখানে ঠিক করবেন সেখানেই মন্দির করে দেব।"
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতপাড় বাজার মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মন্দির পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. কে এম বাবর বলেন, "আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন এবং আমার দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত।"
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তফিকুল ইসলাম তৌফিক, সদস্য সচিব ফজলুর করিম দরা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, সাতপাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া'সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতন ধর্ম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
