কালবেলা · খেলাধুলা
লিটনের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করল বাংলাদেশ
১৭/১০/২০২৬

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে নামার কথা ছিল অধিনায়ক লিটনের। তবে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। টসের সময় হৃদয় লিটনের চোটের বিষয়টি জানান। পরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
রাইট জয়েন্ট হিপের চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। এ ব্যাপারে এমআরআই করানো হলে চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ম্যাচের দিন ফিটনেস টেস্ট পাশ করতে না পারলে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এবার লিটনের বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করেছে বিসিবি। বদলি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ ইমন। তবে ওয়ানডেতে এখনও নিয়মিত হতে পারেননি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি। ৩ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে ১০৮ রান করেছেন তিনি। আছে একটি ফিফটি।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আগে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে।
মূল প্রতিবেদনে যান ↗