নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি ও জেলা কমিটির পদ-পদবি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে অনুষ্ঠানের কার্যক্রম।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সভা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) মো. প্রীতম মিয়া সোহাগ, জেলা কমিটির সাবেক সদস্যসচিব ও নেত্রকোনা-২ আসনে এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ফাহিম রহমান খান পাঠান, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক ইফতেখার শামীম, সদস্যসচিব তারিক জামিল ফয়েজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি এবং জেলা কমিটির পদ-পদবি নিয়ে কয়েকজন নেতা-কর্মী অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সভাস্থলে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এতে সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির সদস্যসচিব তারিক জামিল ফয়েজী বলেন, ‘নতুন কমিটি হয়েছে। এতে অনেকেই বাদ পড়েছেন। এ কারণে শুরুতে একটু উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে নেত্রকোনা জেলা শাখার ৬৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইফতেখার শামীমকে আহ্বায়ক ও তারিক জামিল ফয়েজীকে সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটিতেও আহ্বায়কের দায়িত্বে ছিলেন ইফতেখার শামীম।
নতুন কমিটিতে শাহ এনায়েমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সোহরাব উদ্দিন আকন্দসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দ এমদাদুল হককে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এবং মামুন মিয়াসহ ১১ জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মিনহাজ সোহেলসহ ছয়জন এবং সহসাংগঠনিক সম্পাদক পদে আহমদ শফীসহ ১৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জামাল উদ্দিনসহ ছয়জনকে কমিটির সদস্য করা হয়েছে।

