গেজেট প্রতিবেদন অক্টোবর ২৩, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর এবং মালদা গ্রামের বিধান বিশ্বাস।
এর আগে বৃহস্পতিবার রাতে মদপানের পর অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির থেকে তারা মদপান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। তবে বাড়িতে অবস্থান করার পর তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে দুজনের মৃত্যু হয়।
মারা যাওয়া আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। এ সময় তার বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দুটি মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হব।
খুলনা গেজেট/এএজে
