
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৯ লাখ ৮১ হাজার ৮১০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মঈনপুর, চন্ডিদার, কসবা, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, চকলেট, শাড়ি, ডেরোবিন ক্রিম, অলিভ অয়েল, তেল, শ্যাম্পু, সাবান, মদ, গাঁজা ও ইজিবাইক। বিজিবির তথ্যমতে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭৯ লাখ ৮১ হাজার ৮১০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
