দেশে অস্টিওপোরোসিসে ভুগছেন ৬০ লাখ মানুষ: জোবাইদা রহমান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
দেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে ভুগছেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এক মাসব্যাপী কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জোবাইদা রহমান বলেন, বয়স্ক নারীদের মধ্যে অস্টিওপোরোসিসের প্রকোপ উদ্বেগজনক। প্রতি ১০ জন বয়স্ক নারীর মধ্যে ৯ জন এ রোগে ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। রোগটি প্রতিরোধে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্টিওপোরোসিস সোসাইটি গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি, একটি নির্দিষ্ট মাসকে অস্টিওপোরোসিস সচেতনতা মাস হিসেবে পালনের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, শিশু ও তরুণীদের ছোটবেলা থেকেই এ রোগ সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যতে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
