Published on
:
1 min read
কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তলব করল ED। সিএমআরএল (CMRL) সংক্রান্ত অর্থ পাচারের মামলার তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে পিনারাই বিজয়নকে বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। আগামী ২৩ তারিখ তাঁকে কোচির ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরেই পালাবদল হয় কেরালাতেও। এর পরেই সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
জানা গিয়েছে, এই নিয়ে একটি মামলা দায়ের করেছে সেই রাজ্যের পুলিশ। সম্প্রতি দায়ের করা ওই FIR-এর ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করেছে ইডি। আধিকারিকরা জানিয়েছেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে এই সমন জারি করা হয়েছে। ৮১বছর বয়সি বিজয়নকে আগামী ২৩ অক্টোবর কোচির ইডি (ED) দপ্তরে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
উল্লেখ্য, কেরালা ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (VACB) সম্প্রতি সিএমআরএল (CMRL) ঘুষ সংক্রান্ত মামলায় বিজয়ন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দু’টি এফআইআর (FIR) দায়ের করেছে। ইডি (ED)-র তরফ থেকে রাজ্য পুলিশের কাছে জমা দেওয়া একটি প্রতিবেদনের ভিত্তিতে যেন একটি মামলা নথিভুক্ত করা হয় বলেও গত ৯ অক্টোবর ভিএসিবি-কে নির্দেশ দেয় কেরালা হাইকোর্ট।
ইডি-র অভিযোগ, সিএমআরএল আইটি পরামর্শ পরিষেবা প্রদানের আড়ালে বিজয়ন-কন্যা বীণার কোম্পানি, বর্তমানে বন্ধ থাকা,এক্সালজিক সলিউশনস-কে অন্যায় ভাবে ২.৭৮ কোটি টাকা প্রদান করেছে। তদন্ত এবং তল্লাসির সময়ে পাওয়া প্রমাণের ভিত্তিতে ওই মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।
অন্য দিকে,কেরালা হাইকোর্টের এফআইআর (FIR) নথিভুক্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, শুক্রবার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজয়ন।
