সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ১:৪২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে র্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিম বিতরণ এবং সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন ২–এর সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে পাঠশালা একুশের তত্ত্বাবধানে বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়।
পরে অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিকৃবির উপাচার্য মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ডিম একটি সহজলভ্য, পুষ্টিকর ও মানসম্মত প্রাণিজ আমিষের উৎস। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু-কিশোর, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টি নিশ্চিত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ ডিম উৎপাদন ও খামার ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার এ. টি. এম. মাহবুব ই ইলাহী, অনুষদের ডিন এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুব ইকবাল এবং ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিসারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান হোসেন। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট এবং পোল্ট্রি শিল্পে অবদানের জন্য একজন খামারি ও একজন সরকারি কর্মকর্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
গুগলে আমাদের খবর পেতে
