কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহগুলো আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরিচয় নিশ্চিত করতে আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (১৮ অক্টোবর) হাসপাতালের হিমঘরে রাখা ১০টি মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে সন্ধ্যায় নমুনাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিদের মরদেহ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে তাঁদের বাবা-মা, ভাই-বোন কিংবা সন্তানের মতো নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। পরীক্ষার ফল পাওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, মরদেহ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পরই নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। দ্রুত শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে, টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ঢাকার বাসিন্দা রিয়াজ মাহমুদ রিপনের পরিবারের ছয়জন নিহত হয়েছেন। রিপন জানান, তাঁর পরিবারের চার সদস্য ইতোমধ্যে মালিবাগের সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা দিয়েছেন। দ্রুত পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, স্ত্রী নাসরিন আক্তার মুক্তার মরদেহ পাওয়ার অপেক্ষায় দুদিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন তাঁর স্বামী ফয়সাল দেওয়ান। তিনি বলেন, হাসপাতাল থেকে পরিচয় শনাক্তে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। তবে প্রশাসনের উচিত দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা।
আবেগাপ্লুত ফয়সাল দেওয়ান বলেন, “আমি জানি, আমার স্ত্রী নাসরিন আক্তার মুক্তাকে আর ফিরে পাব না। কিন্তু আমি চাই না, আর কোনো স্বামীকে এভাবে তার স্ত্রী হারাতে হোক, আর কোনো পরিবারকে প্রিয়জনের মরদেহ খুঁজতে হাসপাতালে ছুটতে হোক।”
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকালে মেরিন ড্রাইভ-সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ পর্যটক প্রাণ হারান। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সাত সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।
The post রিসোর্টে আগুন ১০ নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ appeared first on ভোরের চেতনা.
