লংমার্চ ও রোডমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে রোডমার্চ ও লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি তাঁরা। এখন আবার নতুন করে রোডমার্চ ও লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষ এসব কর্মসূচি পছন্দ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দলের কাজ সারা জীবন শুধু মিছিল-মিটিং করা হতে পারে না। রাজনৈতিক নেতাকর্মীদের দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ ও ধর্মীয় কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। কেউ মাদক কিংবা অন্য কোনো সামাজিক অপরাধের মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত শক্তিশালীই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
পানিসম্পদমন্ত্রী বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবার সহযোগিতা ও পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি। গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি।
The post ‘লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’ appeared first on ভোরের চেতনা.
