চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অটোরিকশা ছিনতাই ও এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় কথিত কিশোর গ্যাং ‘নুরু বাহিনী’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি রামদা ও একটি টিপছোরাও জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) নগরের পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- মো. সাগর (২৫), মো. শরীফ (২২) ও মো. সজীব (২৫)। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন।
পুলিশ জানায়, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী ১ নম্বর গলির মুখে অটোরিকশাচালক মো. সাখাওয়াত হোসেনকে (২৪) মারধর করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, কিশোর গ্যাং নেতা নুরুর নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে ভয়ভীতি সৃষ্টি করে চালককে মারধরের পর অটোরিকশাটি নিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় অটোরিকশার মালিক আহমদ নুরের (২০) লিখিত অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪(১) ধারায় মামলা করা হয়।
এদিকে একই দিন ভোর পৌনে ৫টার দিকে সদরঘাট থানার মোগলটুলি কমার্স কলেজ রোডে সৈদিয়া ম্যানশনের বিপরীতে মো. জাহেদ (২৭) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নুরু বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে জাহেদকে একটি পরিত্যক্ত ঘরের কক্ষে নিয়ে চাপাতি, কিরিচ ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার ডান পায়ের পাতা, বাম পায়ের গোড়ালি ও ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। এ ঘটনায় জাহেদের ভাই ইকবাল হোসেনের (৩০) অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে।
বিজ্ঞাপন
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধার এবং একটি রামদা ও একটি টিপছোরা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এসব ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমআরএএইচ/ইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
