ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ শনিবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাঁকে সই করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনে নেওয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই আটক হন দিপকে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে দিপকেকে শুক্রবার দিনভর আটক করে রাখার পরে গ্রেপ্তার করা হয়।
শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ (আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তার) করা হয়েছে ককরোচদের প্রধানকে। গ্রেপ্তারের পর শনিবার স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় অভিজিৎকে। সেখানেই জামিন পেলেন তিনি।
সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তেরঙা হাতে গেট টপকে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। সেই অভিযোগেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
