মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান
বান্দরবানের আলীকদমে পাহাড়ি সড়কে কলাবোঝাই পিকআপ উল্টে সাহাব উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়াসংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপের নিচে এ দুর্ঘটনা ঘটে। ব্রেক বিকল হয়ে পিকআপটি সড়কের ওপর তিনবার উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত সাহাব উদ্দিন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নাজির আহমদ এবং মায়ের নাম মৃত খতিজা বেগম। তিনি পিকআপের মিস্ত্রি হিসেবে পরিচিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলাবোঝাই পিকআপটি নাইক্ষ্যংছড়ি টপ থেকে নিচে নামার সময় হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর পরপর তিনবার উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকার পিকআপ কমিটির লোকজন আরেকটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিনের মৃত্যু হয়। আহত কলা ও পিকআপের মালিক আব্দুল মোবিনকে (৩২) উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল মোবিনও চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা। পিকআপের চালক জোবায়ের হোসেন রুবেল (৩২) ও অজ্ঞাতনামা এক হেলপার চিকিৎসা না নিয়েই চলে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চালক রুবেলের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম থানা-পুলিশ হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাহাড়ি ও ঢালু সড়কে যানবাহনের যান্ত্রিক ত্রুটি কতটা বিপজ্জনক হতে পারে, এ দুর্ঘটনা তা আবারও সামনে এনেছে। তবে পিকআপটির ব্রেক বিকল হওয়ার বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
