কুমিল্লায় যুবদল নেতা মো. কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পরবর্তীতে চিকিৎসার জন্য কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এবং বিএনপি নেতা কবিরের ছোট ভাই।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনার খবর পেয়েছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে। বিস্তারিত পরে জানানো হবে।
