Published on
:
1 min read
বাড়ির সামনে থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতির ছেলের নিথর দেহ। সোমবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রামপঞ্চায়েতের সিংহল এলাকায়। মৃত যুবকের নাম বিপ্লব মুর্মু (২২)। পরিবারের সন্দেহ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বিপ্লবকে। ঘটনার পেছনে রাজনৈতিক কারণ অথবা ছেলের প্রণয়ঘটিত সম্পর্ক থাকতে পারে বলে জানিয়েছেন নিহতের বাবা মাজি মুর্মু। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীর শাস্তি দাবী করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গাজোল থানার পুলিশ।
বিজেপির স্থানীয় বুথ সভাপতি মাঝি মুর্মু বলেন, ‘আজ সকালে এলাকার একটি খামার থেকে ছেলের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে আমরা যাই। গিয়ে দেখি, শরীরে দাগ রয়েছে। রাজনৈতিক হিংসাও হতে পারে, আবার প্রণয়ঘটিত ব্যাপারও হতে পারে। একটা মেয়ের সঙ্গে ছেলের সম্পর্ক ছিল। দিন ১৫ আগে ছেলের সঙ্গে এ নিয়ে ঝামেলাও হয়। ও বলছিল, বিয়ে দিতে হবে। আমি পাল্টা বলি, আগে কাজকর্ম কর। কাজ শুরুও করে। ভালোই ছিল। হঠাৎ কী হলো কিছুই বুঝলাম না। থানায় লিখিত অভিযোগ করব। আমি চাই আসল ঘটনা সামনে আসুক। দোষীর শাস্তি হোক।’
বিজেপির মণ্ডল সভাপতি অজয় বালা জানান, বিপ্লব রবিবার সন্ধে সাড়ে ৭টায় বাড়ি থেকে বেরোন। রাত ৯টায় মায়ের সঙ্গে ফোনে কথাও বলেন। এরই মধ্যে এ দিন সকালে তাঁর বাবার কাছে ফোন আসে, স্থানীয় একটি খামারে ছেলের দেহ পড়ে আছে। এর পরে খবর পান তাঁরাও। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তাঁরা।