অক্ষয় কুমারের ছেলের প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে! অন্তত বলিউডে এখন জোর চর্চা তেমনই। সম্প্রতি আরব ভাটিয়ার সঙ্গে একফ্রেমে অনন্যার একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে সত্যিই কি প্রেম করছেন দুজন, নাকি নিছক বন্ধুত্ব; তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অনন্যা ও আরবের একসঙ্গে বসে থাকার একটি ছবি। পাশাপাশি বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন। তাঁদের হাতে ছিল বাড়িতে তৈরি কিছু খাবার। এক বন্ধুর শেয়ার করা ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় পোস্ট করেন অনন্যা। ছবির ক্যাপশনে মজার ছলে লেখা ছিল, ‘গাইজ, আমার হাতে তৈরি খাবার অবশেষে অনুমোদন পেয়েছে!’

ছবিতে আরবকে দেখা যায় ধূসর রঙের নকশা করা কার্ডিগান ও গাঢ় শার্টে। অন্যদিকে, বাদামি রঙের ঢিলেঢালা হুডিতে ধরা দেন অনন্যা। তাঁদের এই স্বাভাবিক মুহূর্তই নজর কেড়েছে অনুরাগীদের। আর তারপর থেকেই দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে আরব বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। তারকা পরিবারের সন্তান হলেও বলিউডের ঝলমলে দুনিয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে খুব একটা সক্রিয় দেখা যায় না। অভিনয়ের জগতে পা রাখার বদলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি স্বচ্ছন্দ তিনি।
অন্যদিকে, অনন্যা পাণ্ডে বলিউডের পরিচিত মুখ। আরবের সঙ্গে তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন, বন্ধুত্বের সম্পর্ক কি এবার প্রেমের দিকে এগোচ্ছে?
যদিও এই জল্পনা নিয়ে অনন্যা বা আরব, কারও পক্ষ থেকেই কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই শুধু একটি ছবি দেখে তাঁদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত একটি ছবি থেকেই বলিউডের অন্দরমহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
