ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 23 Oct 2026, 11:51 PM
Updated : 23 Oct 2026, 11:51 PM
মাদারীপুরে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক হোটেল মালিক নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মারুফ রহমান।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেল চালাতেন।
পুলিশ জানায়, সেলিম নিজের প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি রেকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সেলিম।
পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মারুফ রহমান বলেন, সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন।
