সিলেটে গোপনে স্ত্রীর ছবি তোলায় বাধা দেওয়ায় হৃদয় কুমার হরিজন(৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১১অক্টোবর) রাত আটটার দিকে সিলেট নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্বজনদের অভিযোগ, গোপনে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তার সঙ্গীরা হৃদয়কে হত্যা করেছেন।
নিহত হৃদয়ের স্ত্রী পিংকী রাণী বলেন, আমি ঘরে কাজ করছিলাম। তখন আমিন গোপনে আমার ছবি তুলছে দেখে আমার স্বামী ছবি তুলার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে ফোন করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিসি (সিটিএসবি) মো.আফজাল হোসেন।
তিনি বলেন, আসামিদের গ্রেফতার করলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
