রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ চোরাই মালামাল উদ্ধার করা হয় এবং ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসিপ্লিন/মিডিয়া) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১৪ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে জড়িতদের গ্রেপ্তার এবং অবৈধ আলামত উদ্ধার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, সবচেয়ে বেশি ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১টি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৯ ক্যান বিয়ার উদ্ধার করে। একই সঙ্গে ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট এবং ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল জব্দ করা হয়।
অভিযানকালে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএমপি
১৮ মে ২০২৬
