ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন অপু। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই যুবক, যাঁর কাছ থেকে ব্যবসার অনুপ্রেরণা পেয়েছেন নায়িকা?
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবির সঙ্গে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। ব্যবসা সম্পর্কে নতুন করে ভাবতে শেখানো, নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস জোগানো এবং জীবনে নিজের কিছু করার অনুপ্রেরণা দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
পোস্টের শুরুতে অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ এরপর তাঁর সাফল্য কামনা করে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা যেন আরও দীর্ঘ হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া শিক্ষা ও অনুপ্রেরণা তাঁর কাছে মূল্যবান। শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবেই নয়, একজন বন্ধু হিসেবেও তাঁকে পাশে চান নায়িকা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়।’
তাহলে ছবিতে থাকা এই যুবক কে? অপু বিশ্বাস তাঁর পোস্টে ব্যক্তিটির পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরেননি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তাঁর নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।
অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। সেই ব্যবসায়িক পথচলায় ফেরদৌস হাসানের পরামর্শ ও অনুপ্রেরণার কথাই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি।
অপুর এই পোস্টে ব্যক্তিগত সম্পর্কের ধরন নিয়ে কৌতূহল তৈরি হলেও অভিনেত্রী তাঁকে বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন।
