১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৬-এর প্রাথমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ঢাকার তিনটি কেন্দ্রে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীদের রোল নম্বরের ভিত্তিতে তিনটি কেন্দ্রে আসনবিন্যাস করা হয়েছে। রোল নম্বর ১০০১ থেকে ৪০০০ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলি রোড, ঢাকা-১০০০। রোল নম্বর ৪০০১ থেকে ৬৪০০ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ‘সিদ্ধেশ্বরী কলেজ’, ২৫ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা-১২১৭। রোল নম্বর ৬৪০১ থেকে ৯৪৭২ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা-১২১৩।
পরীক্ষার্থীদের আসনবিন্যাস ২৯ অক্টোবর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসনবিন্যাস থেকে পরীক্ষার্থীরা নিজেদের কেন্দ্র ও কক্ষ নম্বর জেনে নিতে পারবেন।
সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা—
*পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
*সকাল ১০টা ৫০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
*পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নপত্র ও উত্তরপত্র (ওএমআর শিট) সরবরাহ করা হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে উত্তরপত্রের প্রয়োজনীয় অংশ পূরণ করতে হবে।
*বেলা ১১টা ১০ মিনিটে পরীক্ষার্থীদের হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে এবং প্রবেশপত্র টেবিলের ওপর দৃশ্যমানভাবে রাখতে হবে। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকায় থাকা ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে।
*বেলা ১১টা ৫০ মিনিটে পরীক্ষা শেষ হওয়ার সতর্কতামূলক ঘণ্টা বাজানো হবে। দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। এরপর পরিদর্শকেরা উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ আসন ও কক্ষ ত্যাগ করতে পারবেন।
*প্রাথমিক পরীক্ষা এমসিকিউ হবে। উত্তরপত্রের নির্ধারিত বৃত্তগুলো কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে সম্পূর্ণ ভরাট করতে হবে। উত্তর দেওয়ার আগে প্রশ্নপত্রে ১ থেকে ১০০ পর্যন্ত প্রশ্ন রয়েছে কি না এবং প্রশ্নপত্রের সেট কোডের সঙ্গে উত্তরপত্রে মুদ্রিত ১০ অঙ্কের সেট কোড মিলিয়ে নিতে হবে। কোনো অসংগতি থাকলে উত্তর দেওয়া শুরু করার আগেই সংশ্লিষ্ট পরিদর্শককে জানিয়ে প্রশ্নপত্র পরিবর্তন করে নিতে হবে।
*উত্তরপত্রের নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী, নিজের নাম ও রোল নম্বর লিখতে হবে, স্বাক্ষর করতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। এসব নির্দেশনা অনুসরণ না করলে উত্তরপত্র বাতিল হতে পারে।
*প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্র নিজ দায়িত্বে সতর্কতার সঙ্গে আলাদা করতে হবে। এ সময় উত্তরপত্র যেন ছিঁড়ে না যায়, ভাঁজ না হয় বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
*পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, মানিব্যাগ, ওয়ালেট, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, এআই চশমা, তাবিজ, মোবাইল ফোনসহ তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য যেকোনো যন্ত্র এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্য কোনো ধরনের কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
*প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ে যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রতি। প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকায় সংযুক্ত ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
*এমসিকিউ প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হল বা কক্ষ ত্যাগ করতে পারবেন না।
