ছবি: খবরের কাগজ
-->এই জীবন চলছে যেথায়
তাতে যাচ্ছি স্রোতে ভেসে,
অতীত যেন দূরে সরেছে
মনের নিকটে এসে।
এই জীবন-নদীর তীরে
ভিড়িয়েছি ডিঙি কত,
ডিঙির ভারে, অকাতরে
জমছে কত না ক্ষত।
দেখেছি কত যে বৈশাখ
পেরিয়েছি অসীম ঝড়,
ভেবেছি নেবো সামলে
তবুও হয়ে ওঠেনি আর।
যতটা চিনেছি মানুষ আমি
যেন ততটা দেখেছি রূপ,
ভুল ভেঙেছে কাছের কেউ
শুধু তাকিয়ে থেকেছি চুপ।
কেন সুখের ঠিকানা কোথায়
লেখা থাকে না চিরকুটে?
কেন থমকে যায় এ জীবন
সব অজানা সংকটে?
আজও যায় খুঁজে কত মুখ
চাঁদ-জ্যোৎস্নামাখা সুখ,
জাপটে রেখে সে মনের ভেতর
‘ভালো থাকার’ অসুখ।
মন চায় পেতে সব ফিরে
যা গিয়েছে চলে দূর,
প্রতিক্ষণে চলছে বেজে
বদলে যাবার সুর।
পাব না কিছুই আর ফিরে,
ক্রমশ হারিয়ে যাব,
হাজারো স্মৃতির ভিড়ে–
যে পাখি যাযাবর,
ফেরে না কভু আপন নীড়ে।
