সারা পৃথিবীতে ফুটবলপ্রেমীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে মৌসুমের প্রথম ‘এল ক্ল্যাসিকো’। বাংলাদেশ সময় রোববার রাত ২টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে উন্মাদনার শেষ নেই।
এর মাঝেই সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল তারকা এবং প্রখ্যাত ফুটবল বিশ্লেষক স্টিভ ম্যাকম্যানাম্যান প্রকাশ করলেন নিজের ভবিষ্যদ্বাণী। তার মতে, ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে রিয়াল মাদ্রিদ।
‘৩৬৫স্কোরস’- প্ল্যাটফর্মে এক বিশেষ সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলের এই মহারণ নিয়ে কথা বলেন ৫৪ বছর বয়সী ম্যাকম্যানাম্যান। ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতবে, দেখা যাক কী হয়। এই ম্যাচ সবসময় ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে। খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটা। কারণ দুটো দলেরই বড় ম্যাচ নিষ্পত্তি করার ক্ষমতা আছে।’
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ম্যাকম্যানাম্যান। ম্যাচের কৌশলগত দিক নিয়ে আলোচনা করতে গিয়ে রিয়ালের একাদশে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিকে বড় এক ধাক্কা হিসেবে দেখছেন এই সাবেক ইংলিশ উইঙ্গার। তার মতে, ভিনিসিয়ুসের গতি ও ‘ওয়ান-অন-ওয়ান’ ডুয়েল করার সামর্থ্য ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।
ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপ্পের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এমবাপ্পের অবশ্যই দারুণ সব গুণাবলি রয়েছে, তবে তারা সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। ভিনিসিয়ুস যা কিছু দলের জন্য নিয়ে আসেন, কেবল অন্য কাউকে তার জায়গায় বসিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়।’
