নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) চিনাটোলায় শহীদদের সমাধিস্থলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকিস্তানি শাসকগোষ্ঠীর সহযোগী রাজাকার বাহিনী এই পাঁচ বিপ্লবীকে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারসংলগ্ন এলাকা থেকে আটক করে। পরে তাদের হরিহর নদীর সেতুর ওপর নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করার পর মরদেহ নদীতে নিক্ষেপ করা হয়।
শুক্রবার শহীদ স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা, মণিরামপুর ও কেশবপুর কমিটি, শহীদ আসাদ স্মৃতি সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), জাতীয় ছাত্রদল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং যশোরের লাল মশালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ ছাড়া গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় তরুণ প্রজন্ম, আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই পাঁচ শহীদের রাজনৈতিক জীবন ও সংগ্রামের পথ ছিল অভিন্ন। তারা ছাত্র আন্দোলন, কৃষক সংগঠন এবং বিপ্লবী কমিউনিস্ট রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাদের এই মহান আত্মত্যাগ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ও বিপ্লবী আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের জীবন ও সংগ্রামের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।
