বাংলাদেশের পেশাদার শেফদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দেশের রন্ধনশিল্পের বিকাশে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের (বিসিএফ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে নেসলে প্রফেশনাল।
আন্তর্জাতিক শেফ দিবস সামনে রেখে গত ১৮ অক্টোবর এ সমঝোতা স্মারক সই করা হয়। এর মাধ্যমে দেশের পেশাদার শেফদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করা এবং রন্ধনশিল্পে নতুন সম্ভাবনা তৈরির একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে উঠবে।
সমঝোতা স্মারকে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের সভাপতি সাহিদ সাহিন এবং নেসলের পক্ষে করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর ডিরেক্টর হোসনে আরা লোমা সই করেন।
এ সময় ওয়ার্ল্ডশেফস সনদপ্রাপ্ত মাস্টার শেফ ও বিসিএফের উপদেষ্টা নাজিম খান, শেফ নাঈম আশরাফসহ সংগঠনটির অন্যান্য বিশিষ্ট সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে পেশাদার শেফদের দক্ষতা, সৃজনশীলতা ও রন্ধনশিল্পের উৎকর্ষ বিকাশে নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের খাদ্যসেবা খাতের সঙ্গে নেসলে প্রফেশনালের সম্পৃক্ততা আরও বাড়বে।
নেসলে প্রফেশনাল ও বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন যৌথভাবে রন্ধনশিল্পে উদ্ভাবন, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের কুলিনারি শিল্পের ধারাবাহিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
এ সহযোগিতা দেশের পেশাদার শেফদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণার বিকাশ এবং খাদ্যসেবা শিল্পের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
