চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, চলমান শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা নাশকতার হুমকি নেই। দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সারা দেশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। চাঁদপুর জেলাতেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ দায়িত্ব পালন করছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, দুর্গোৎসবে মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে পুলিশ ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। একই সঙ্গে পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর কার্যক্রমও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু গোপাল সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
