গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
