চুয়াডাঙ্গা-দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ওষুধ ফার্মেসিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে দর্শনা বাজারে এলাকায় এই অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দর্শনা শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে সর্বমোট সাড়ে ৫ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে দর্শনা পুরাতন বাজারে অবস্থিত 'মেসার্স দোয়েল মেডিকেল ফার্মেসি'কে ৩ হাজার টাকা, রেল বাজারে অবস্থিত 'সরকার মেডিসিন কর্নার ফার্মেসি'কে ১ হাজার টাকা এবং কেরু মিল গেট সংলগ্ন 'মেসার্স মিজান ফার্মেসি'কে ১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
