ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে আটক ১৫৯ জনকে মুক্তি দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক যোদ্ধা বলে জানিয়েছে হুতি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আইসিআরসি জানায়, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বাড়ি ফেরার প্রস্তুতিতে সহায়তা করেছে সংস্থাটির কর্মীরা। তবে তাদের প্রত্যাবর্তনের বিস্তারিত সময়সূচি জানানো হয়নি।
হুতি কর্তৃপক্ষের দাবি, গত মাসে লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান দখলের সময় এসব যোদ্ধা আটক হন। তারা কোনো ধরনের লড়াই ছাড়াই ‘স্বেচ্ছায় আত্মসমর্পণ’ করেছিলেন বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হুতি কর্মকর্তা আবদেলকাদের আল-মুরতাদা সাংবাদিকদের জানান, সাধারণ ক্ষমার আওতায় এই ১৫৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ সাধারণ ক্ষমার অধীনে এখন পর্যন্ত মোট ৩২৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। দেশটির এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলেছে। নতুন করে সৌদিতে হামলা সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।
