যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সংকট নিরসনে আবারও আলোচনায় ফিরে চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দেওয়ায় যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, সীমিত হামলা হলেও কয়েক গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে।
বিজ্ঞাপন
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদোল্লাহি বলেছেন, কোনো পরিস্থিতিতেই পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান শান্তি চাইলেও যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানিদের ক্ষতিপূরণ ও দুর্নীতি দমনের বিষয়েও তাদের আলোচনা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর মার্চের শুরুতে তার স্থলাভিষিক্ত হন মুজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
সূত্র: আল জাজিরা
আরএ
