রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও
বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানায়, গত বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুর স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরির সঙ্গে জড়িত। তারা আলমের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে কয়েকজন তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে আলম শেখের পরিচয় নিশ্চিত করা হয়। তার বাড়ি নাটোরে। থাকতেন রাজধানীর রূপনগর এলাকায়। ময়নাতদন্তের জন্য আলম শেখের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আলম শেখ মানসিক ভারসাম্যাহীন বলে দাবি করেছে তার পরিবার। হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
