১৬ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফের ক্যাম্প এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জনকেই আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়।
রোববার (১৮ অক্টোবর) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত টেকনাফের ১৬ এপিবিএনের আওতাধীন সকল রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একযোগে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুইজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্টও নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফের ক্যাম্প এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এডিশনাল ডিআইজি কাউছার সিকদার।
