ইরাকের নিষিদ্ধ আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার কারণে এয়ার ফ্রান্স ও কেএলএমকে মোট ৪ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের কোড ব্যবহার করে ১৩০টির বেশি ফ্লাইট পরিচালনার জন্য এই জরিমানা করা হয়েছে।
পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সকে ১ লাখ ৫ হাজার ডলার এবং কেএলএমকে ৩ লাখ ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এয়ার ফ্রান্স ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৩০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে, কেএলএম ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের তদন্তে দেখা গেছে, মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দুই সংস্থাই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিরাপত্তাবিধি লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তাঝুঁকি থাকায় ইরাকের বাগদাদ ফ্লাইট ইনফরমেশন অঞ্চলে ৩২ হাজার ফুটের নিচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে চলাচলকারী বিদেশি উড়োজাহাজের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য।
২০২০ সালের অক্টোবরে সংশোধন ও মেয়াদ বাড়ানোর পর নিষেধাজ্ঞাটি ২০২৭ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কার্যকর রাখা হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
