বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে নারায়ণগঞ্জে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেস-এর কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রূডিগার লোটজ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জে অবস্থিত ‘আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড’ ও ‘আকিজ এসেনশিয়ালস লিমিটেড’-এর কারখানা দুটি ঘুরে দেখেন তিনি। এ সময় উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল কারখানা দুটির সার্বিক উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এছাড়া প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উভয় দেশের শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সেসের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, "রাষ্ট্রদূত ড. রূডিগার লোটজ ও জার্মান দূতাবাসের প্রতিনিধিদলকে আমাদের উৎপাদন স্থাপনায় স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।"
আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, "বাংলাদেশের শিল্পখাত ক্রমাগত আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্পকার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।"
পরিদর্শনকালে আকিজ রিসোর্সেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জার্মান প্রতিনিধিদলের সামনে কারখানার মান নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তি ও টেকসই শিল্প উন্নয়নের নানা পদক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সেসের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনশিয়ালসের প্ল্যান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্ল্যান্ট হেড মো. হাবিবুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের সার্বিক অগ্রগতি এবং টেকসই উৎপাদনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে আকিজ রিসোর্সেস কর্তৃপক্ষ।
