Published on
:
2 min read
সারাক্ষণ খাই খাই ভাব। দুপুরে এক থালা ভাত খেয়ে উঠেই ফ্রিজ খুলে দাঁড়িয়ে পড়েন। যদি কোনও মিষ্টি পাওয়া যায়। আবার বিকেল হতে না হতেই ফুচকা-মোমো খেতে বেরিয়ে পড়েন। অফিসেও একই কাণ্ড ঘটে। ডেস্কে বসে টুক টুক করে চিপস, বিস্কুট, কেক-চকোলেট খেতে থাকেন। খিদে থাকে না তা-ও অনবরত মুখ চলতে থাকে। এই সমস্যাকে কী বলে জানেন?
‘ফুড নয়েজ়’ কী?
খিদে নেই কিন্তু সারাক্ষণ মাথায় খাওয়ার কথাই ঘুরছে আর মুখ চলছে। একে বলে ‘ফুড নয়েজ়’। এটা এমন এক মানসিক অবস্থা, যেখানে সারাক্ষণ মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে হয়। পেট ভর্তি থাকলেও মুখ চলতে থাকে। যদিও ‘ফুড নয়েজ়’ আপনার খিদে পেয়েছে নাকি পায়নি, তার উপর নির্ভর করে না। বরং, আপনার মস্তিষ্ক ক্রমাগত খাবার নিয়ে ভাবতে পারে।
কেন ‘ফুড নয়েজ়’-এর সমস্যা দেখা দেয়?
১) অত্যধিক মানসিক চাপ, একাকিত্ব বা মন খারাপ হলে কমফোর্ট ফুড বা ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। ওই সময়ে শরীরে যে স্ট্রেস হরমোন নির্গত হয়, তা মিষ্টি বা মুখরোচক খাবারের প্রতি ক্রেভিং বাড়িয়ে দেয়। আর সুস্বাদু খাবার খেলে তৃপ্তির অনুভূতি মেলে।
২) লোভনীয় খাবার দেখলে, নাকে সুস্বাদু খাবারের গন্ধ ভেসে এলে, মস্তিষ্কের ‘Reward System’ সক্রিয় হয়ে ওঠে। এই ইন্দ্রিয়ভিত্তিক অনুভূতির জেরে খাবার খাওয়ার ইচ্ছে জাগে। খিদে না পেলেও তখন খাবার খাওয়ার ইচ্ছে তৈরি হয়।
৩) সময়মতো খাবার খাবার না খেলে, খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকলে শরীর পুষ্টি ও শক্তির ঘাটতি দেখা দেয়। আর ঠিক এই কারণেও অনেক সময়ে খাবারের চিন্তা মাথায় ঘোরে আর ওই সময়ে বা বার মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বাড়ে।
৪) রাতে ঠিকমতো ঘুম হয় না। বার বার ঘুম ভেঙে যায় অথবা রাতে চোখের পাতায় ঘুম ধরতে দেরি হয়। অনিদ্রার সমস্যা খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর জেরে পেট ভর্তি হওয়া সত্ত্বেও মস্তিষ্ক সারাক্ষণ সুস্বাদু খাবারের কথা ভাবতে থাকে।
কী ভাবে এড়াবেন ‘ফুড নয়েজ়’-র সমস্যা?
প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। সুষম আহারের উপর জোর দিন।
সঠিক সময়ে খাবার খান। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, কিছুই বাদ দেওয়া চলবে না।
হাতের কাছে স্বাস্থ্যকর খাবার রাখুন। মুখরোচক খাবার কিনবেন না। প্রয়োজনে মোবাইল থেকে ফুড অ্যাপ আনইনস্টল করে দিন।
ঘুমের সঙ্গে আপস করবেন না। পাশাপাশি মন খারাপ হলে এমন কিছু খান, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপযোগী।
কোন সময়ে মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তা বোঝার চেষ্টা করুন। সেই সময়ে অন্য কাজে মন দিন বা স্বাস্থ্যকর স্ন্যাকস খান।
FAQ
১. ফুড নয়েজ় কী?
খিদে না পেলেও সারাক্ষণ খাবারের কথা ভাবা এবং বারবার খেতে ইচ্ছে হওয়াকে ফুড নয়েজ় বলে।
২. ফুড নয়েজ় কেন হয়?
মানসিক চাপ, একাকিত্ব, ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং খাবারের প্রতি আকর্ষণ এর কারণ হতে পারে।
৩. ফুড নয়েজ় কি ওজন বাড়ায়?
বারবার খাওয়ার ফলে শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করলে ওজন বাড়তে পারে।
৪. ফুড নয়েজ় কমাতে কী খাবেন?
প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ সুষম খাবার খান। ফল, বাদাম ও অন্যান্য স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিতে পারেন।
৫. ফুড নয়েজ় কমানোর উপায় কী?
সময়মতো খাবার খান, পর্যাপ্ত ঘুমোন, স্বাস্থ্যকর খাবার হাতের কাছে রাখুন এবং খাওয়ার ইচ্ছে হলে তার কারণ বোঝার চেষ্টা করুন।
