
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে বৈঠক কিংবা সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথ ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রয়টার্সও তাৎক্ষণিকভাবে হেগসেথের ইসরায়েল সফরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে পেন্টাগন ও ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের আগামী পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ঘোষণা করেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং এর পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন। আসন্ন নির্বাচনে নেতানিয়াহু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে হেগসেথের গোপন সফর ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সঙ্গে আসন্ন নির্বাচন কিংবা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
The post নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর গোপন বৈঠক appeared first on অর্থসূচক.
