প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে সৈয়দপুর পৌরসভা। এর অংশ হিসেবে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লার ভাগাড়ের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের ময়লা-আবর্জনা অপসারণ এবং সড়ক বিভাজক (ডিভাইডার) মেরামতের কাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও ভাগাড়টি অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখেই এখন পরিচ্ছন্নতার তৎপরতা শুরু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেলের সামনের অংশে গিয়ে দেখা যায়, সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। এতে জায়গাটি আপাতদৃষ্টিতে পরিচ্ছন্ন দেখালেও বর্জ্যের স্থায়ী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দর থেকে এই সড়ক দিয়েই রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সৈয়দপুর শহরের বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই স্থানে ফেলা হচ্ছিল। উন্মুক্ত স্থানে বর্জ্য জমে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়াতো। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হতো। দীর্ঘদিন ধরে জায়গাটি থেকে ময়লার স্তূপ সরানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এখানে ময়লা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। এত দিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জায়গাটি পরিষ্কার করে বালু ফেলা হচ্ছে।”
পথচারী হাসানুর রহমান বলেন, “এই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে নাক চেপে চলতে হতো। শহরের বিভিন্ন এলাকার ময়লা এনে এখানে ফেলা হতো। এখন পরিষ্কার করা হচ্ছে। তবে শুধু বিশেষ উপলক্ষে নয়, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে সাধারণ মানুষও উপকৃত হবে।”
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌর এলাকার ওপর দিয়ে রংপুরে যাবেন। তাঁর আগমন উপলক্ষে পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা ও সড়ক বিভাজক মেরামতের কাজ চলছে। যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সেগুলোও বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।”
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে তাঁর রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। পরে রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর।
