সার ডিলার নিয়োগে বিএনপি চরম দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের বিভিন্ন এলাকায় সারসংকট দেখা দিয়েছে।
- সারসংকট ও ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ
সার ডিলার নিয়োগে বিএনপি চরম দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের বিভিন্ন এলাকায় সারসংকট দেখা দিয়েছে। এতে কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। বিদ্যমান সরকারি নীতিমালা উপেক্ষা করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সার বিতরণব্যবস্থায় নৈরাজ্য বন্ধ, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সংকটের অভাব নেই; যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই সংকট। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। এর প্রভাব পড়ছে কৃষি ও নাগরিকদের ওপর। সার বিতরণ ও ডিলার নিয়োগে চরম দুর্নীতি, অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে এসব করা হয়েছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো, একজনের দায়িত্ব থাকলেও কথা বলছেন আরেকজন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর, কিন্তু কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাদের মধ্যে রাজনৈতিক কর্তৃত্ববাদী মানসিকতা চেপে বসেছে। জেলায় গঠিত কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিনজনকে মনোনীত করা হয়েছে। এ কারণে যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। ফলে সার বিতরণে সরকার শতভাগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সারসংকট হচ্ছে। ডিলার নিয়োগে শর্ত মানা হয় নি। কিছু এলাকায় দলীয় প্যাডে তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলো আমলে নিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। টাকা নিয়ে ডিলার নিয়োগের ঘটনাও ঘটেছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় এমন অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারসংকট হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। এক জায়গার বাসিন্দাকে অন্য জায়গায় সারের ডিলারশিপ দিয়েছে বর্তমান সরকার। এমনকি কখনো সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন। একই পরিবারের একাধিক ব্যক্তি ডিলারশিপ নিয়েছেন। ভুয়া গুদাম ও ভুয়া চুক্তিনামা দিয়েও ডিলারশিপ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে দলীয় চাপের মুখে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নামও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির ত্যাগী নেতাদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের কোনো মন্ত্রীই নীতিমালার তোয়াক্কা করছেন না। ফলে এখন ‘সবার আগে বিএনপি’, ‘সবার আগে বাংলাদেশ’ নয়। হাইকোর্টের আদেশ ভঙ্গ করে সব ডিলারশিপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের ছয় দফা দাবি
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। দাবিগুলোর মধ্যে রয়েছে- সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; ডিলার নিয়োগে যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ; ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য এবং দেশের বিভিন্ন এলাকার প্রকৃত পরিস্থিতির মধ্যে অসংগতি থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ, ডিলার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদান এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানানো এবং কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে যাচাই করার দাবি জানানো হয়। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কাউকে দায়ী না করার কথাও ছয় দফা দাবিতে উল্লেখ করা হয়।
গোলাম পরওয়ার বলেন, সার ডিলার নিয়োগে বিএনপি চরম দলীয়করণ করেছে। সারসংকট সম্পর্কে সরকার জাতিকে অসত্য তথ্য দিয়েছে। গত ছয়-সাত মাসে সরকারের সর্বস্তরে দলীয়করণ ও দুর্নীতি এবং মন্ত্রীদের মিথ্যাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত উদ্বিগ্ন। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা চলছে। দুর্নীতি ও দলীয়করণে নিমজ্জিত এই সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত ও ভিন্নমতের ওপর দমন-পীড়নমুক্ত একটি মানবিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা। কিন্তু ক্ষমতাসীন সরকার তা বাস্তবায়ন করতে দেবে না। বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করে ফ্যাসিস্টদের মতো সারাজীবন ক্ষমতায় থাকার লক্ষ্যে কর্তৃত্ববাদী সরকারের সাংবিধানিক কাঠামো তৈরি করতে ব্যস্ত হয়েছে সরকার।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের অনুমোদিত আইনি কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে চায় জামায়াত। কিন্তু সরকার সেটিকে উপেক্ষা করে কর্তৃত্ববাদী কাঠামোর আদলে আবারও সবকিছু সাজাচ্ছে। এ জন্য সরকার চায় না যে বিরোধী দল সংবিধান সংস্কারে অংশগ্রহণ করুক। ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে বিষয়টি ধামাচাপা দিয়ে নিজেদের রাজনৈতিক অপকৌশল আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগের লক্ষ্য আজীবন ক্ষমতায় থাকা, যা ফ্যাসিবাদী চিন্তার একটি সর্বনাশা পদক্ষেপ। এই চিন্তা থেকে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে ফেরানোর চেষ্টা করবে জামায়াত। বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদে সমাধানের আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের বিষয়ে আগামী সংসদ অধিবেশনে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বলে আশা করছি। দেশে সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে উৎপাদন খরচ বাড়ছে, ফলে দ্রব্যমূল্যও বাড়ছে। নগরজীবন ও প্রান্তিক চাষিদের জীবনে সৃষ্ট দুর্ভোগ লাঘবে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন : ঝিনাইদহ সংবাদদাতা জানান. বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগসহ সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলার আমীর ডঃ হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি আলঙ্গীর হোসেনসহ প্রমুখ।
