হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
দুর্গাপূজার দীর্ঘ ছুটি আর সামনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব—সব মিলিয়ে যেন রূপের রানী বান্দরবানে উপচে পড়েছে পর্যটকদের ঢল। করোনাভাইরাস মহামারির পর এবারই প্রথম বান্দরবানের জেলা শহর ও বিভিন্ন উপজেলার সব হোটেল, মোটেল এবং রিসোর্টের শতভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই পাহাড়ি এই জনপদে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই শহরের মেঘলা, নীলাচল ও চাঁদের গাড়ি স্টেশনগুলোয় দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি পর্যটনকেন্দ্র। সকাল ১০টার দিকেই চাঁদের গাড়ি পাওয়ার জন্য কাউন্টারগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়। গাড়ি সংকটের কারণে অনেক নতুন পর্যটককে সেবা দিতে হিমশিম খাচ্ছেন পরিবহন শ্রমিকেরা।
পর্যটন ব্যবসায়ীরা জানান, সাধারণত দুপুরের পর পর্যটকদের ভিড় বাড়লেও এবার সকাল থেকেই মেঘলা ও নীলাচলে পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ ৪৪-৪৫ জনের দল নিয়ে পাহাড় ও সমুদ্রের টানে এসেছেন, কেউ বা আবার রমা, থানচি, কেওক্রাডং ও বগালেকের দুর্গম পথ পাড়ি দিতে প্রস্তুত।
জেলা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জানিয়েছেন, জেলা শহর এবং রুমা, থানচি, আলীকদম ও লামা উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫০টি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ১৩ থেকে ১৪ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা থাকলেও এবার অতিরিক্ত চাপের কারণে অনেককেই রুম দেওয়া সম্ভব হচ্ছে না। মেঘলা পর্যটন মোটেল ও অন্যান্য হোটেলগুলোর বুকিং পরিস্থিতি বলছে, চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত প্রায় প্রতিটি কক্ষই পূর্ণ রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার ছুটি শেষ হতে না হতেই আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা উৎসব শুরু হবে। উৎসবকেন্দ্রিক বাড়তি আকর্ষণের কারণে মাসজুড়েই পাহাড়ের পর্যটন খাতে এই রমরমা ভাব বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
The post পাহাড়জুড়ে পর্যটকের জোয়ার: করোনাপরবর্তী সব রেকর্ড ভেঙে শতভাগ বুকিং বান্দরবানে appeared first on Ctgtimes.com.
