নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী। হামলায় গুরুতর রক্তাক্ত জখম হলে তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা সমু চৌধুরী জানান, দুপুরে নিজ বাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তাঁর বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় এবং মেকানিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে সজোরে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনায় অভিযুক্ত গ্যারেজ মালিক হৃদয় নিজেকে নির্দোষ দাবি করে জানান, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে মেকানিক জাহাঙ্গীর তাঁকে ফোনে জানিয়েছে যে, গালিগালাজ করাকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।
এদিকে দেশের একজন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর নিজ এলাকায় এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিসেবী ও সাধারণ বাসিন্দারা। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
