ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরেরছবি: AI
Published on
:
1 min read
পঞ্চমী থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন। ষষ্ঠীতেও দিনভর ঘোরার পরিকল্পনা রয়েছে অনেকেরই। কিন্তু বাদ সাধতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা নেই আপাতত।
কলকাতায় বৃষ্টি হবে?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই।
উত্তরবঙ্গে দুর্যোগ কাটবে?
উত্তরবঙ্গেও দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির সম্ভাবনাও নেই। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের আবহাওয়ার আরও উন্নতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
কবে বৃষ্টি কমবে?
শুধু ষষ্ঠী নয়। সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। তবে অষ্টমী থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী ও সপ্তমীতে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। বৃষ্টি কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উল্টে ভোরের দিকে হাল্কা শীত অনুভূত হতে পারে। কমবে দিনের তাপমাত্রাও। নবমী-দশমীতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
