ফ্রান্সের সুপারমার্কেটে হ্যাকারদের হানা! শয়ে শয়ে শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে খাবার। এতে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যার ফলে নষ্ট হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে তাজা ও হিমায়িত খাদ্য। এমনকী, কয়েকটি ক্ষেত্রে আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমের দাবি।
শীর্ষস্থানীয় রিটেলার ই লেক্লেরক, ইন্টারমার্শে, কোঅপারেটিভ ইউ জানিয়েছে সাইবার হামলার শিকার হয়েছে তারা। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকার্নুর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ফ্রান্সের সাইবার নিরাপত্তা এজেন্সিগুলি ইতিমধ্যেই ডেনমার্কের এক সংস্থার পাঠানো সফটওয়্যারে সমস্যা পেয়েছে। ইতিমধ্যেই সেই ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে যে, ইউরোপের সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। কারণ অন্যান্য দেশও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ফরাসি সংস্থাগুলিকে শনাক্ত করে সতর্ক করার পাশাপাশি পরিস্থিতি যাতে আর ছড়িয়ে না পড়ে, তা প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ‘আলামন্ড’-এর কর্মকর্তা অঁতোয়ান ওতিন জানাচ্ছেন, রেফ্রিজারেশন ইউনিটের মতো শিল্প-কারখানার যন্ত্রপাতিগুলিকে এখন সেন্সর বস্থার মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, একই সময়ে শয়ে শয়ে ইউনিটের উপরে প্রভাব ফেলা এই হামলাটি ‘উন্নত প্রযুক্তির ব্যবহারের বিষয়টি’ও তুলে ধরছে।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন খাতে সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই উদ্বেগের মাঝেই ফ্রান্সে এই ঘটনা ঘটল। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের দৃঢ় সমর্থক প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত মাসেই রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ থেকে ফ্রান্সের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা।
