কালবেলা · জীবনধারা
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, দলবেঁধে হামলায় স্টেশন মাস্টারসহ আহত ২
১৫/১০/২০২৬

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী ধরায় স্টেশন মাস্টার ও এক টিকিট কালেক্টরকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকির জাহার ও টিকিট কালেক্টর সঞ্জিত মন্ডল। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
পুলিশ ও স্টেশনের কর্মরতরা জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন গেটে গমনাগমনকারী যাত্রীদের টিকিট চেকিং করছিলেন টিকিট কালেক্টর সঞ্জিত মন্ডল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে গেটে দার করান টিকিট কালেক্টর সঞ্জিত মন্ডল।
এ নিয়ে বিনা টিকিটের ওই যাত্রী তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়। পরে টিকিট কালেক্টর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেসময় বিনা টিকিটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০ থেকে ১২ জন সেখানে জড়ো হয়। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়। ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দেন।
এ ঘটনার জের ধরে বিনা টিকিটের ওই যাত্রী আবার ৮ থেকে ১০ জনকে নিয়ে এসে স্টেশন মাস্টার কক্ষের সামনে টিসি সঞ্জিত মণ্ডলের ওপর হামলা চালায়। স্টেশন মাস্টার সাকির জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে সাকিরকেও মারধর করা হয়।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ‘ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে ধরায় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। পরিকল্পিত ভাবে তাদের ওপর হামলা করা হয়। এমন হলে টিকিট কালেক্টররা কাজ করবে কীভাবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই মো. শাহআলম মিয়া বলেন, ‘স্টেশন মাস্টার ও টিকিট কালেক্টরকে মারধরের ঘটনায় রেলওয়ে ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাত ওই যুবকদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗