আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ায় গণমাধ্যমকর্মী মো. মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি। তার অভিযোগ, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি এই হামলা চালিয়েছেন।
মো. মহিউদ্দিন বলেন, ‘আমি নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ায় এই হামলা। আমাকে এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ রেখে মেরে রক্তাক্ত করেছে। স্থানীয় সাংবাদিকদের সহায়তায় আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত রয়েছি। আমি দোষীদের বিচার চাই।’
তবে এ অভিযোগের বিষয়ে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জের স্থানীয় সাংবাদিক ঋষিকেষ বলেন, সাংবাদিকের ওপর হামলা ও তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মহিউদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
