ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুর মদনখালী সুইসগেট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৌশিক সাহা জিতু (২৩) শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে মায়ের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাড়িতে ফিরে পোশাক পরিবর্তন করে আবারও পূজা দেখার জন্য বের হন কৌশিক। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন কোথাও তার সন্ধান না পেয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরে আজ সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ি ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে বাসার চাবি আলামত হিসেবে জব্দ করা হয়। খবর পেয়ে তার বাবা কমলেশ সাহাসহ স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিহিত টি-শার্ট ও প্যান্ট দেখে মরদেহটি শনাক্ত করেন।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন বলেন, ‘মরদেহ পচে ফুলে যাওয়ায় পকেটে থাকা চাবিটি শিক্ষার্থীর বাসায় নিয়ে তালাগুলোতে পরীক্ষা করা হয় এবং চাবি দিয়ে তালা খুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়।’
এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসানসহ সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।’
