রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. শামীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শামীম মুরগির দোকানের কর্মচারী ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ে ট্রাকচাপায় শামীম গুরুতর আহত হন। সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীতে থাকতেন। বৃহস্পতিবার ভোরে অটোরিকশায় মুরগি নিয়ে যাচ্ছিলেন শামীম। এ সময় যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
