যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাট মোড় পার হওয়ার পর বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। নিহত অপর দুজন যশোরগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
