জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে দুই দেশের অংশগ্রহণের প্রস্তুতির মধ্যে এ গুরুত্বারোপ করা হলো।
আজ সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এ সময় প্রতিমন্ত্রী তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের সম্মেলনের বিষয়েও উল্লেখ করেন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।
শামা ওবায়েদ ইসলাম কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে অগ্রগতির জন্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
