বিশ্বসেরা কোচের খেতাব ব্যালন ডি'অর ২০২৬ জয়ের লড়াইয়ে এখন সবার আগে অবস্থান করছেন স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস ডে লা ফুয়েন্তে। স্পেন কোচ হিসেবে তার এই অভাবনীয় সাফল্যই তাকে বর্ষসেরার দৌড়ে শীর্ষে পৌঁছে দিয়েছে।
তবে তার জয়ের পথে মূল বাধা চার হেভিওয়েট কোচ প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।
স্প্যানিশ প্রভাবশালী দৈনিক 'মুন্দো দেপোর্তিভো'র প্রতিবেদন অনুযায়ী, আগামী পরশু সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আগেই বাকি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন স্পেনের এই কোচ।
অন্য যেকোনো সাফল্যের চেয়ে একটি অর্জনই এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে সেটি হলো বিশ্বকাপ জয়। গত ১৯ জুলাই ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে বিশ্বজয়ের মুকুট এনে দেন দে লা ফুয়েন্তে।
পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। টুর্নামেন্টে অপরাজিত থাকার পাশাপাশি পুরো অভিযানে তারা গোল হজম করেছে মাত্র একটি। জমাট রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত কার্যকারিতার মাধ্যমে সবচেয়ে বড় মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা।
দলকে এভাবেই ধারাবাহিকভাবে শৃঙ্খলিত ও ভারসাম্যপূর্ণ করে তোলার মধ্য দিয়ে এই পুরস্কার জয়ের দৌড়ে বেশ ব্যবধানে এগিয়ে গেছেন তিনি।
লন্ডনে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় দ্য লা ফুয়েন্তের সঙ্গে থাকবেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বড় প্রতিনিধিদল। মনোনীতদের তালিকায় স্প্যানিশদের চোখধাঁধানো উপস্থিতি এক স্মরণীয় রাতের ইঙ্গিত দিচ্ছে।
তার জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করছে অতিরিক্ত দুটি বড় পরিসংখ্যান। ফিফা বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থান এবং টানা ৪৩টি অফিশিয়াল ম্যাচে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড।
