বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগীরা। এ সময় এএসআই উজ্জ্বল আহত হয়েছেন। পরে পুলিশ রতন নামের ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রতন সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা বাদল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পকেটমারের চেষ্টার অভিযোগে রতনকে আটক করতে গেলে তার সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। তারা রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যায়। আহত এএসআইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
